,

 

মহেশখালী উপকূলে দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 26 July 2026, 01:04

কক্সবাজারে বঙ্গোপসাগরের মহেশখালী উপকূল থেকে শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের হেফাজতে নেয় মহেশখালী থানা-পুলিশ।

এর আগে গত শুক্রবার ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে তাঁদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন মহেশখালীর স্থানীয় জেলেরা। শ্রীলঙ্কার ওই দুই নাগরিক সম্পর্কে বাবা-ছেলে। তাঁরা হলেন এস এইচ চামিন্দা ও তাঁর ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং। তাঁদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডে।

ট্রলারটি নিয়ে তাঁরা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন। এর মধ্যে ২৯ দিন কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলে জানিয়েছেন তাঁরা।

এ ব্যাপারে স্থানীয় জেলে জিয়াউর রহমান জানান, গত বুধবার রাতে সাগরে মাছ ধরতে গিয়ে নজরে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারটি। এরপর ওই ট্রলারসহ দুই জেলেকে উদ্ধার করে মহেশখালীতে নিয়ে আসা হয়। শুক্রবার রাতে তাদেরকে কুতুবজোম ইউনিয়নের তাজিয়াঘাটায় নিয়ে আসা হয়। আমাদের বাড়িতে তাদেরকে আশ্রয় দেয়া হয়। তারপর পুলিশের হেফাজতে নেয়া হয়। দুই শ্রীলঙ্কান বারবার দেশে ফিরে যাওয়ার আকুতি করছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, ‘দুই জেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে আলোচনা চলছে। আজকের মধ্যেই একটা সমাধান হবে বলে আশা করছি। দুই জেলের নৌকাটিও আমরা জব্দ করেছি।’

পূর্বতারা/ইউডি

ভিডিও