কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চিকিৎসা শেষে ৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ নতুন করে আরও ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পরামর্শ দেন।