চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার মো. নুরুল আলম এবং বোয়ালখালী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমরা পালিত জানান, রাত সাড়ে ৮টার দিকে নুরুল আলম ও ৯টার দিকে দিদারুল আলম নামে আহত দুজনের মৃত্যু হয়েছে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। পাশে কাগজের স্তূপ ছিল। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।