চট্টগ্রামে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উৎসব। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্তপ্রাণ নরনারী পরম করুণময় ভগবান শ্রীকৃষ্ণ, ভাই বলরাম ও বোন সুভদ্রাকে রথে চড়িয়ে রশি টেনে নগর পরিভ্রমন করেছেন। নানা রঙে নানা সাজে সজ্জিত হয়ে ভক্তরা নেচে গেয়ে মহান সৃষ্টিকর্তার বন্দনায় আকুল হয়ে উঠেছেন রথযাত্রায়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় সার্বজনীন পবিত্র রথযাত্রা উৎসবের র্যালি। রথযাত্রায় সনাতনী ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের লোকজনকেও দেখা গেছে উৎসবে শামিল হতে।
রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মহানগর পুলিশ নগরের ১৬টি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিল। ওই নিয়ন্ত্রিত সড়কগুলোতে রথযাত্রার র্যালি নগর পরিভ্রমণ করেছে। এবার চট্টগ্রাম নগরে প্রধান তিনটি রথযাত্রার পাশাপাশি প্রায় ১২টি আঞ্চলিক রথযাত্রা র্যালিতে যোগ দেয়। নগরীর প্রবর্তক মোড়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের রথযাত্রা, নন্দনকানন বোসব্রাদার্স মোড় থেকে তুলসীধাম আয়োজিত রথযাত্রা এবং ডিসি হিল পাহাড়িকা স্কুল সংলগ্ন নন্দনকানন ১নং গলি মোড় থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের উদ্যোগে রথযাত্রার র্যালি বের হয়েছে। র্যালিতে ভক্তরা ফুল, ফল ও প্রসাদ নিবেদন করে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

চট্টগ্রাম মহানগরের সবচেয়ে প্রাচীন রথযাত্রা তুলসীধামের রথযাত্রা উৎসব। এটি প্রায় ৩০০ বছরের পুরোনো রথযাত্রা বলে দাবি আয়োজক কর্তৃপক্ষের।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শতাব্দীর পর শতাব্দী ধরে এখনো ঐতিহ্য ধরে রেখেছে নন্দনকাননের কেন্দ্রীয় রথযাত্রা। প্রাচীন কাল থেকে এই এলাকার একটি পুকুরের পাড়ে শুরু হয় রথযাত্রা। সেই থেকে পুকুরটির নামকরণই হয়ে যায় রথের পুকুর পাড়। প্রথমদিকে এটি ছিল স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন; পরে এটি পুরো চট্টগ্রাম নগরের অন্যতম বৃহৎ ধর্মীয়-সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।
কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্বোধন অনুষ্ঠাানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সনাতনীদের রথযাত্রা এখন সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে। তুলসীধাম ঐতিহ্যবাহী তীর্থস্থান। এখানকার তিনশ বছরের প্রাচীন কেন্দ্রীয় রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পূর্বতারা/ইউডি