,

 

হাটহাজারীতে পরিত্যক্ত ডোবায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : 16 July 2026, 09:14

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজ হওয়ার একদিন পর মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর মরদেহ পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল গফুরের বাড়ির পেছনে অবস্থিত একটি পরিত্যক্ত ডোবা থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাঈদ মো. আবদুর রহিমের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে নাঙ্গলমোড়ায় তার নানার বাড়িতে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার থেকে সাঈদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সন্দেহ হয়, শিশুটি বাড়ির পাশের পরিত্যক্ত ডোবায় পড়ে থাকতে পারে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

দীর্ঘক্ষণ তল্লাশির পর ফায়ার সার্ভিসের সদস্যরা ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভিডিও