,

 

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন

একসাথে চারটি ওয়েল্ডিং মেশিনের চাপ সইতে না পেরে জেনারেটরে বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 16 July 2026, 07:53

বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকার কনফিডেন্স লবণ ফ্যাক্টরীর নষ্ট জেনারেটরটিতে একসাথে চারটি ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করা হচ্ছিল। চারটি ওয়েল্ডিং মেশিনের অতিরিক্ত তাপের চাপ সইতে না পেরে জেনারেটরটিতে বৈদ্যুতিক শট সার্কিট ঘটে। আর বৈদ্যুতিক শট সার্কিট থেকে জেনারেটরে বিস্ফোরণের সূত্রপাত।

কনফিডেন্স লবণ কারখানার সংশ্লিষ্ট কর্মজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। অগ্নিদগ্ধ ১০ জনের মধ্যে বর্তমানে ৫ জন গুরুতর দগ্ধকে চমেক আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, কারখানাটিতে জেনারেটরে ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছিল। একসাথে চারটি ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ চলছিল সেখানে। চারটি মেশিনের অতিরিক্ত চাপ থেকে শট সার্কিট ঘটে জেনারেটরে। এ থেকেই বিস্ফোরিত হয় জেনারেটর। ইতিমধ্যে আগুন নেভানো হয়েছে।

এ;দিকে, দগ্ধ ১০ জনের মধ্যে ৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের অনারারি মেডিকেল অফিসার ডা .মিথিলা। জীবন আর মৃত্যুর সঙ্গে এখন লড়াই করছেন পুড়ে যাওয়া শ্রমিকরা। প্রায় সবার মুখমণ্ডল থেকে শুরু করে গলা,বুকের অংশ পুড়ে গেছে। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের অধিকাংশের শ্বাসনালী দগ্ধ হয়েছে। শ্বাসনালী দগ্ধ রোগীদের অবস্থা সময়ের সাথে সাথে সিভিয়ার হয়ে ওঠে।

চমেক বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, দগ্ধ , দিদারুলের ৯৫ শতাংশ, আলমের ৬৫ শতাংশ, মাহমুদুল হকের ৬০ শতাংশ, উজ্জ্বলের ৫০ শতাংশ, নূরনবীর শরীর ৪৫ শতাংশ, মোহাম্মদ লিটনের ৪০ শতাংশ, জাহিদুলের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “শরীরের বেশির ভাগ পুড়ে গেছে, এমন ৫ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনজন বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।”

চমেক বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, অগ্নিদগ্ধ শ্রমিকদের আর্ত চিৎকারে ওয়ার্ডের পরিবেশ ভারী হয়ে উঠেছে। সিলিংয়ে ফ্যান চলছে, তবুও স্বজনেরা বেডের পাশে দাঁড়িয়ে হাতপাখা চালাচ্ছেন। কেউ দৌঁড়াচ্ছেন ফার্মেসিতে, কেউ পিছু নিয়েছেন ডাক্তারের। আবার এককোণে বসে কোনো এক মা সন্তানের জন্য চোখের জলে আল্লাহতা’লার দরবারে মোনাজাত করছেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও