,

 

রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনা : চসিক মেয়রকে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 15 July 2026, 11:05

চট্টগ্রামে মুরাদপুর ফ্লাইওভারের মুখে সড়কের গর্তে পড়ে দুর্ঘটনা ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইন পেশাজীবী। নোটিশে গাড়ি মেরামতে ব্যয় হওয়া ৯১ হাজার টাকা সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মীর হাসান বাবলুর মাধ্যমে অ্যাডভোকেট খালেদ মাহমুদ রায়হানের পক্ষে এই আইনি নোটিশ পাঠানো হয়। প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছেও একই অভিযোগে আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মীর হাসান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, খালেদ মাহমুদ রায়হান পেশায় একজন আইনজীবী এবং তিনি নগরের মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়।

নোটিশে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার একটি গর্তে চাকা পড়ে গাড়ির চাকা ফেটে যায়। এতে মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র‌্যাক বক্স, হ্যাঙ্গার ও গাড়ির রংসহ বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব মেরামতে প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি গাড়িটি ব্যবহার করতে না পারায় নিয়মিত অফিসে যাতায়াতও ব্যাহত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় এই ক্ষয়ক্ষতির দায় তাদের ওপর বর্তায়। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় মেয়র ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও