,

 

চবি শিক্ষার্থীর শ্লীলতাহানি, দোকান কর্মচারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 15 July 2026, 11:50

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দোকান কর্মচারীকে থানায় তুলে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত দোকান কর্মচারীর নাম মো. শাহিন শেখ (২৫)। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই ছাত্রী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় মো. শাহিন তাঁকে শ্লীলতাহানি করেন। বিষয়টি সহপাঠীদের জানালে তারা অভিযুক্ত দোকান কর্মচারী শাহিনকে আটক করে। তারপর শাহিনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, গতকাল রাতে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করেছেন। আজ অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও