চাঁদার দাবিতে চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেল।
লিখিত বক্তব্যে তিনি বলেন,সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএসপি প্রতিষ্ঠান ও মালিকদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং হামলা ও হয়রানির ঘটনা বেড়েছে। গতকাল চাঁদার দাবিতে চট্টগ্রামে ডিডিএনের কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত উদ্বেগজনক। এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়। এতে পুরো আইএসপি খাত গভীর নিরাপত্তা সংকটে পড়েছে।
বক্তারা আরও বলেন, দেশের সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। আমরা আইনশৃঙ্খলা প্রশাসনের কাছে ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
পূর্বতারা/ইউডি