চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত, কৃষি ও মৎস্য খাতের ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্গত মানুষের কাছে দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। পানি নেমে গেলে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। এরপর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকার সহায়তা করবে। পাশাপাশি যাদের ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়াতে পারেন।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক চাপ কমাতে জুলাই মাসের ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।