চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আকস্মিক এক মিনিটের টর্নেডোর আঘাতে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর এলাকার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করেই প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান বাতাস বেড়িবাঁধ এলাকায় আঘাত হানে। প্রায় এক মিনিট স্থায়ী এই টর্নেডোর সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টর্নেডোর তাণ্ডবে বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে। এছাড়া অনেক গাছপালা উপড়ে পড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষক হানিফ বলেন, হঠাৎ করেই দুপুরের দিকে প্রচণ্ড বেগে বাতাস ঘুরতে ঘুরতে এসে বেড়িবাঁধ এলাকায় আঘাত হানে। মাত্র এক মিনিট স্থায়ী হলেও এর মধ্যেই বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
মগধরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নিচ্ছি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।