খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার থেকে একটি মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৮ জুলাই) বিকেলে বোয়ালখালী বাজারের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্যপ্রাণী সংরক্ষণকর্মী বাজারে কচ্ছপটি বিক্রির জন্য আনা হয়েছে জানতে পেরে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত মাছ বহনের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া পাহাড়ি হলুদ কচ্ছপটি একটি মহাবিপন্ন প্রজাতির। বর্তমানে প্রাণীটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কোয়ারান্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
মেরুং রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকায় এ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।