নগরের পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকার পাহাড় ধসে মাটিচাপা পড়ে সামিয়া ইসলাম (১২) নামের এক কিশোরীর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
সামিয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানিয়েছেন, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সুমাইয়ার মা-বাবা বের হতে সক্ষম হয়েছেন। তবে পাশের কক্ষে থাকায় সুমাইয়া বের হতে পারেনি। পাহাড় ধসে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে পাহাড় ধসে নিহতের পরিবারকে সমবেদনা ও ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি স্থাপনকারীদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ঘটনাস্থলে হাজির হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন। এসময় তিনি মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরকে সিটি কর্পোরেশনের আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণের অনুরোধ জানান।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর ফিরোজ শাহ কলোনি বালিকা বিদ্যালয়, বাগমনিরাম বালিকা বিদ্যালয় এবং আরও ৭টি সরকারি বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে সেখানে ১৮০ জন আশ্রয় নিয়েছে। আমি অনুরোধ জানাচ্ছি, যারা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি তারা যেন দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে চলে যান। কেন্দ্রগুলো আমরা ত্রাণ ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করেছি।
পূর্বতারা/ইউডি