একটানা প্রবল বৃষ্টির কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৬০০ পর্যটক আটকা পরেছেন। বুধবার (০৮ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন।
তিনি বলেন, প্রবল বর্ষণের কারণে সাজেকের মাচালং সড়কে পানি উঠায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকেলের মধ্যে সড়ক থেকে পানি সরে গেলে আটকাপড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
রিসোর্ট মালিক সমিতির এ নেতা জানান, আপাতত আটকাপড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হচ্ছে না।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পূর্বতারা/ইউডি/এমইউবি