রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি দ্রোনোচার্জ্য চাকমার ছেলে।
দুইদিনের টানা বৃষ্টিপাতের ফলে ৭ জুলাই মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানান নিহত লক্ষী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা।
তিনি জানান, রাতে বৃষ্টি পাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষী বিলাশ চাকমা ধসে পাড়া মাটি সরাতে গেলে পুনরায় উপর থেকে গাছের গুঁড়িসহ মাটি ধসে পড়ে লক্ষীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ঝুঁকি পূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়।
বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করেছে।
পূর্বতারা/ইউডি/এমইউবি