খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত ও অভিযান শুরু করে।
পরে একই রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নুরুল আলম রনিকে আটক করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, প্রাথমিক তদন্তে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় নুরুল আলম রনির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এর আগেও খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি মিছিলে নুরুল আলম রনির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।