,

 

চন্দনাইশে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশ : 4 July 2026, 12:38

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) উপজেলার হাশিমপুর ও বরমা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন-সংলগ্ন মোহাম্মদ সওদাগরের বাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মারা যায় আসহাবুল আরাফ (৫)। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে।

শিশুটির চাচা জাহাঙ্গীর আলম জানান, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলছিল আসহাবুল। একপর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেল ৩টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইগাতা আফজল বাপের বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যান মোহাম্মদ আবদুল্লাহ (৭০)। তিনি ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ জানান, বাড়ির পাশের পুকুরঘাটে পানি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যান আবদুল্লাহ। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া ছফা শিপা জানান, উভয়কেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

ভিডিও