প্রশাসনিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজাতে চট্টগ্রামে নতুন একটি থানা ও একটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠাতব্য জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। সভায় প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভাসূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে পুনর্বিন্যাস করে উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাব নিকার সভায় উত্থাপন করবে।
প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত রোববার জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে।