চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদফতর। একই অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পাহাড়তলীর পশ্চিম নাসিরাবাদ এলাকায় অবস্থিত মনসুর ডাইং অ্যান্ড থ্রেড ফ্যাক্টরি এবং মেসার্স ব্রাইট এক্সেসরিজ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ডাইং কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া পাহাড়তলী রেলওয়ে বাজারে পরিচালিত অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুতের দায়ে মেসার্স নিউ পনি পলিথিন বিতানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা জানান, পরিবেশ সুরক্ষা ও পলিথিনের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেটও বিতরণ করা হয়।