সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মহিউদ্দিন জামায়াতে ইসলামী ভাটিয়ারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি। তিনি ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকটি মাইক্রোবাস পেছন থেকে এসে সামনে যাওয়ার চেষ্টা করলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন ওই মোটরসাইকেল আরোহী। এসময় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বতারা/ইউডি