বুধবার, ২৪ জুন ২০২৬

কাস্টমসে ৩৭ লট পণ্যের অনলাইন নিলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:১০

চট্টগ্রাম কাস্টমসে ফেব্রিক্সসহ ৩৭ লট পণ্য বিশেষ অনলাইন নিলামে তোলা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টা পর্যন্ত নিলামের প্রস্তাবিত দর গ্রহণ করা হবে। এর আগে গত ২ জুন সকাল ৯টা থেকে দরপত্র গ্রহণ শুরু হয়।

কাস্টমস কর্তারা বলছেন, বন্দরে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা অখালাসকৃত কন্টেইনার খালি করার লক্ষ্যে নিয়মিত নিলাম আয়োজন করা হচ্ছে। সম্প্রতি প্রকাশ্য নিলামও বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, নিলাম চট্টগ্রাম কাস্টমসের একটি ধারাবাহিক কার্যক্রম। এনবিআরের নির্দেশনা মতে আমরা নিলাম কাজের গতি বাড়িয়েছি। এতে সরকার অখালাসকৃত পণ্য বিক্রি করে রাজস্ব আয় করছে। সেই ধারাবাহিকতায় এবার ৩৭ লট পণ্য অনলাইন নিলামে তোলা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, ৩৭ লট পণ্যের মধ্যে রয়েছে ফেব্রিক্স, হার্ড উড ক্র্যাফ্‌ট, ভেজিটেবল কাটার, কি রিং, মেটাল হ্যাংগার, ব্রিকস, নাইফ, রাবার চিপস, ইউপিভিসি ফিটিংস, ওয়াটার পাইপ পিভিসি, সুইমিং পুল পাম্প, ফায়ার এলার্ম কন্ট্রোল প্যানেল, রিলিফ গুডস, কোটেড ডুপ্লেক্স বোর্ড, বিয়ারিং, সার্জিক্যাল মাস্ক ও চেস্ট ফ্রিজার।

জানা গেছে, পচনশীল পণ্যের দ্রুত নিলাম আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থায়ী আদেশ জারি করে। কিন্তু চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তাদের অনীহার কারণে সেই আদেশ বাস্তবায়িত হয়নি। ফলে বিগত সময়ে অনেক খাদ্যপণ্য পচে যাওয়ায় তা মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এতে সরকার রাজস্ব পাওয়া দূরে থাক, উল্টো পণ্য ধ্বংসে অর্থ ব্যয় করতে হয়েছে। তবে সামপ্রতিক সময়ে পচনশীল পণ্যসহ নিলামযোগ্য পণ্যের নিলাম দ্রুততার সাথে কার্যকর করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

পূর্বতারা/ইউডি

ভিডিও