বুধবার, ২৪ জুন ২০২৬

ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:৩২

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চলমান প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার (২৩ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক করছে এমন তথ্য তুলে ধরে নেতারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর এবং জাতীয় অর্থনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে দীর্ঘমেয়াদে হস্তান্তরের উদ্যোগ জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সক্ষমতার পরিপন্থি।

তারা আরও বলেন, এনসিটি ও সিসিটি বাংলাদেশের জনগণের অর্থায়নে নির্মিত এবং বর্তমানে সম্পূর্ণ কার্যকর ও লাভজনক টার্মিনাল। এসব টার্মিনালে নতুন করে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন নেই। ফলে বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পক্ষে যে বিনিয়োগ আনার যুক্তি দেখানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

নেতাদের মতে, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পণ্য পরিবহন কার্যক্রম পরিচালনা করে। এই বন্দরের কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বন্দর ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তারা অভিযোগ করেন, জনগণ, শ্রমিক সংগঠন, বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো ধরনের উন্মুক্ত আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতার পরিপন্থি হবে। দেশের জনগণের সম্পদ ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদ, বিশেষজ্ঞ মহল ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া উচিত বলেও তারা মত দেন।

স্কপ নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় গৃহীত দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়নের উদ্যোগ নিলে দেশপ্রেমিক শ্রমিক-জনতা তা মেনে নেবে না। জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চুক্তি বা উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা হবে।

বিবৃতিতে অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ও সিসিটি ইজারা সংক্রান্ত সব আলোচনা ও চুক্তি প্রক্রিয়া বন্ধ, সরকারের অবস্থান জনসম্মুখে প্রকাশ এবং চট্টগ্রাম বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্বে রাখার দাবি জানানো হয়।

ভিডিও