মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে : মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৩৮

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করছে। সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী। উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, কৃষি প্রণোদনা ও সামাজিক সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুরক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করছে।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

একই অনুষ্ঠানে হালদা নদীর নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ, কৃষি বিভাগের উদ্যোগে আমন ধান চাষের জন্য প্রণোদনা প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। সরকারের এসব সহায়তা কর্মসূচি উপকারভোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ভিডিও