বুধবার, ২৪ জুন ২০২৬

চসিকের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ প্রকৌশলীদের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:২৩

অর্গানোগ্রাম বহির্ভূত এবং জ্যেষ্ঠতার নিয়ম লঙ্ঘন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশলীদের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলেছেন দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র। গত বৃহস্পতিবার চসিক মেয়রের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে করে এসব অভিযোগ তুলে ধরেন আইইবি নেতারা। এ সময় মেয়র সাম্প্রতিক সব বিধি-বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হবে বলে আশ্বাস দেন।

আইইবি প্রতিনিধিদল ও চসিকের বিএসসি প্রকৌশলীদের দেওয়া তথ্যমতে, চসিক কর্মচারী বিধিমালা-২০১৯’ অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত থাকার কথা যথাক্রমে ৬৭ ও ৩৩ শতাংশ। কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ উল্টে গিয়ে ৪৮ ও ৫২ শতাংশে দাঁড়িয়েছে।

অর্গানোগ্রাম অনুযায়ী এই পদে মোট ১৪টি পদের বিপরীতে বর্তমানে সহকারী প্রকৌশলীর সংখ্যা ২১ জন। পদের চেয়ে অতিরিক্ত জনবল থাকার পরও সম্প্রতি শূন্য পদ না রেখেই ৬ জন উপ-সহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গত ১৪ জুন চারজন যোগ্য ও জ্যেষ্ঠ বিএসসি প্রকৌশলীকে ডিঙিয়ে সিনিয়রিটির তালিকায় ৯ম স্থানে থাকা জাহিদুর রশিদ ভূঁইয়াকে নির্বাহী প্রকৌশলী পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

ভিডিও