কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পেরিয়ে দীর্ঘ প্রায় এক বছর পর অবশেষে ২৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। আংশিক কমিটি ঘোষণার পর এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন হতে সময় লেগেছে দীর্ঘ সময়।
গত ১৮ জুন কমিটি অনুমোদিত হলেও তা প্রকাশ করা হয় (শুক্রবার) ১৯ জুন। কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটিতে মোট ৪৫ জন সহ-সভাপতি, ৮৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৫২ জন সহ-সাধারণ সম্পাদক, ৫৭ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরী পদে ২৬১ জন নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, এই কমিটি চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
এর আগে ২০২৫ খ্রিষ্টাব্দের জুনে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই সময় তকিবুল হাসান চৌধুরী তকীকে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। সিনিয়র সহ-সভাপতি হন কাজী মো. সেলিম উদ্দিন।
সে সময় কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছিল, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। তবে সেই সময়সীমা অতিক্রম করে দীর্ঘ সময় পরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।