বুধবার, ১৭ জুন ২০২৬

বাকলিয়ায় শিশু ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩:৫৬

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসামি মনির হোসেন এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত। গত সোমবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করলেও তার পক্ষে কোনো সাফাই সাক্ষী হাজির করা যায়নি।

গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। গত ৪ জুন মাত্র ১৩ দিনের মাথায় আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করা হয়। ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

গত ১৪ জুন রোববার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা গ্রহণ করা হয়। পরে আদালত মঙ্গলবার (১৬ জুন) যুক্তিতর্ক সম্পন্ন হয় আদালতে।

তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা হরেও চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও