মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পাহাড়ে দুর্বল নেটওয়ার্ক, গাছে উঠে দিতে হলো হাজিরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:৫৬

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অনলাইন হাজিরা চালু করেছে সরকার। গতকাল সোমবার ছিল প্রথম দিন। প্রথম দিনের হাজিরা রিপোর্টটি যদি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে না পারেন- তাহলে বিষয়টি নিতান্তই চাপের।

কিন্তু রাঙামাটি বাঘাইছড়ির পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান দুই পাহাড়ের মাঝখানে নিচের সমতলে। নেটওয়ার্ক দুর্বলতার কারণে ওই স্কুলে মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলেন না প্রধান শিক্ষক আবু তাহের। ছাদে উঠেও পাচ্ছেন না নেটওয়ার্ক। এদিকে রিপোর্টও পাঠাতে হবে তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে। পরে উপায়ন্তর না দেখে গাছে উঠে তাকে হোয়াটস অ্যাপ করতে হয় হাজিরা রিপোর্টটি।

নেটওয়ার্ক দুর্বলতার কারণে গাছে উঠে নেটওয়ার্ক খোঁজার এ দৃশ্যটি নিচে থাকা আরেক ব্যক্তি তার মোবাইলে ধরে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

গতকাল সোমবার দুপুরের পর ছবিটি রীতিমত ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

এ ব্যাপারে মোহাম্মদ আবু তাহের জানান, গতকাল থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন হাজিরা চালু হয়েছে। স্কুলে এসে প্রথমে ছাদে উঠলাম, নেটওয়ার্ক পেলাম না। পরে প্রায় ৩০ থেকে ৪০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠেও নেটওয়ার্ক পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আমগাছের ডালে উঠি। সেখানে নেটওয়ার্ক পেয়ে কোনোমতে উপজেলা শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপে হাজিরার ছবি পাঠাতে পেরেছি।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা বলেন, ‘যেসব এলাকায় ফোরজি নেটওয়ার্ক রয়েছে, সেখানকার বিদ্যালয়গুলো অনলাইনে হাজিরা পাঠিয়েছে। নেটওয়ার্ক না থাকা বিদ্যালয়গুলো এসএমএসের মাধ্যমে তথ্য দিয়েছে। ধীরে ধীরে এ সংখ্যা বাড়বে বলে আশা করছি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙামাটি জেলায় মোট ৭০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৫৩৮টি বিদ্যালয়ের অনলাইন হাজিরা পাওয়া গেছে। বাকি ১৭০টি বিদ্যালয় এখনো মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে।

পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা বিভাগ দেখভাল করে জেলা পরিষদ। বিষয়টি নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, যেখানে মোবাইল নেটওয়ার্কই নেই, সেখানে অনলাইনে হাজিরা দেওয়া বাস্তবসম্মত নয়। নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে দুর্গম এলাকাগুলোকে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও