বুধবার, ১৭ জুন ২০২৬

দানবাক্স চুরির সময় তরুণ আটক, মুচলেকায় ছাড়া

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:২৬

রাঙামাটির রাজবন বিহারের দানবক্স চুরির সময় এক তরুণকে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ। পরে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে রাঙামাটির রাজবন বিহারে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। আটকের সময় তাঁর পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহ্যবাহী রাজবন বিহারের ভিক্ষু সংঘ যখন পিণ্ড বা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন তখন ওই তরুণ মূল মন্দিরে ঢুকে দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করে। তবে বিহারে উপস্থিত উপাসকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা জানান, আটক হওয়ার পর ওই তরুণ নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, রাঙামাটির অন্যতম ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত ও দর্শনার্থী আসেন। এখানের দানবাক্সের অর্থ বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।

বিহার কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

পূর্বতারা/ইউডি/এম ইউ বি

ভিডিও