বুধবার, ১৭ জুন ২০২৬

শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:১১

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে আসছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে এটিই তার প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

সফরের অন্যতম আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। একই সাথে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা ও থানার উদ্বোধন করবেন।

বিকালের বিরতির পর প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলা বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এরপর কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন শেষে সন্ধ্যায় কক্সবাজারের সুধীজনদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরসূচির প্রতিটি কর্মসূচি সফল ও নিরাপদ করতে প্রয়োজনীয় সমন্বয় ইতোমধ্যে শেষ হয়েছে।

ভিডিও