বুধবার, ১৭ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে পানি সংকট, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:৩৭

তীব্র গরম ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে দিন দিন কমে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানির স্তর। পানির সংকটের কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে সচল থাকা দুটি ইউনিট থেকে মাত্র ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানির অভাবে বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে।

সূত্র জানায়, বছরের এ সময়ে কাপ্তাই হ্রদে স্বাভাবিকভাবে পানির স্তর ৭৮ দশমিক ৩৪ মিন সি লেভেল (এমএসএল) থাকার কথা থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ৭৩ দশমিক ৯১ এমএসএলে। ফলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদে পানির স্তর কমে যাওয়ায় পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে দুটি ইউনিট সচল রেখে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

তিনি আরও জানান, দ্রুত বৃষ্টিপাত না হলে সচল থাকা বাকি দুটি ইউনিটও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।

এদিকে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি ও জুড়াছড়ি উপজেলার নৌ-যোগাযোগও হুমকির মুখে পড়েছে। প্রতিবছরের মতো এবারও হ্রদের পানি আরও কমে গেলে এসব এলাকার বাসিন্দাদের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে আসতে পারে।

ভিডিও