মাঝরাতের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের গনি বেকারি মোড় এলাকায় একটি শতবর্ষী গাছ উপড়ে পড়েছে। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের এই গাছটি উপড়ে পড়ায় বৈদ্যুতিক তার, পার্শ্ববর্তী দেয়াল ও সংলগ্ন সড়কের যানবাহন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে।
রোববার সকাল থেকে এই সড়কে ব্যবহারকারী সাধারণ মানুষ ও যানবাহনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের ঢালুতে থাকা গাছটি রাতের বৃষ্টির কারণে গোড়ার মাটি আলগা হয়ে ভেঙে পড়ে। গাছটির একটি বড় অংশ মূল সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলে ছিল। পরবর্তী চকবাজার থানার মোবাইল টিম এসে গাছের কিছু অংশ সরিয়ে নিয়েছে।
চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই হানিফ বলেন, বৃষ্টির কারণে গাছটি উপড়ে পড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মোবাইল টিম পাঠিয়ে গাছের কিছু অংশ সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। গাছটির বড় অংশ অপসারণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অবহিত করা হয়েছে।
এদিকে চসিকের স্থানীয় ওয়ার্ড কার্যালয় থেকে জানানো হয়েছে, গাছটি কেটে সড়ক পুরোপুরি পরিষ্কার করতে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ কাজ শুরু করেছে। দ্রুতই ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব শওকত হোসেন জানান, উপড়ে পড়া গাছটি অপসারণ এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে।
পূর্বতারা/ইউডি