বুধবার, ১৭ জুন ২০২৬

‘‘পাইন্না গুলা দেশত নাই, পোয়া ঢুলাইতাম মনত নাই’’

উজ্জ্বল দত্ত

প্রকাশ : ৫ জুন ২০২৬, ০৯:১১

‘‘পাইন্যা গুলা বা ফাইন্নে গুলা’ ফলটি নিয়ে সংবাদের শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে। এ শ্লোকটির অর্থ আছে- ‘যে জিনিস হাতের কাছে নেই বা পাওয়ার সুযোগ নেই, তার প্রতি আগ্রহও মন থেকে লোপ পায়।’ অর্থাৎ পাইন্না গুলা এখন যেহেতু দেশে সহজে পাওয়া যায় না, তাই পোয়া বা ছেলেকে গাছের ঢালে উঠিয়ে ফল পাড়ার কথা আর মনেও থাকে না।

পাইন্না গুলা বা টেপা ফল এখন বিলুপ্তপ্রায় । শুক্রবার সন্ধ্যায় গ্রীষ্মকালীন এই ফলটি বিক্রি করতে দেখা গেছে চট্টগ্রামের টেরিবাজার-আন্দরকিল্লা সড়কের ফুটপাতে। ভ্যানে করে মো. লিয়াকত নামের এক মৌসুমি ফল বিক্রেতা তার ভ্যানগাড়িতে কালো জাম,আমলকির সাথে পাইন্না গুলা ফলটিও বিক্রি করছেন।

তিনি জানান, সীতাকুণ্ড, রাঙামাটি,বান্দরবানসহ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এখনো কিছু কিছু গাছ আছে। গ্রীষ্ম সিজনে পাহাড় থেকে ব্যবসায়ীরা অন্যান্য ফলের সাথে পাইন্না গুলা ফলটি শহরে নিয়ে আসে। এটি ঔষধিগুণসম্পন্ন একটি ফল।

জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে “পাইন্যা গুলা” (বা ফাইন্নে/পাইন্না গুলা) নামে পরিচিত ফলটির শুদ্ধ বাংলা নাম টেপা ফল বা টিপা ফল। এ ফলটি দেখতে অনেকটা ছোট কালো আঙুরের মতো, ভেতরে কয়েকটি বীজ থাকে। সাধারণত লালচে, বেগুনি বা কালচে রঙের ছোট গোল ফলের মতো। এটি Indian Coffee Plum নামেও পরিচিত। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, হজমে সহায়ক, ডায়রিয়া ও পেটের সমস্যা নিবারণে পাইন্না গুলা ফল সহায়ক।

পাইন্না গুলা ফলের কেজি কত ?- এমন প্রশ্ন করলে বিক্রেতা লিয়াকত বলেন, ভাই এক কেজি খাইতে পারবেন না। ২৫০ গ্রাম ১৩০ টাকা। কালো জামের দাম কেজি ২৪০ টাকা, আর আমলকির পোয়া (২৫০ গ্রাম) ৮০ টাকা। এক নিঃশ্বাসে তিনটি ফলের দাম তিনি বলে গেলেন।

বাজারে আম,কাঁঠাল,লিচুসহ নানা রকমের ফল থাকতে এই ফল কেন বিক্রি করছেন ? এমন প্রশ্নে লিয়াকতের গালভরা হাসি। ‘‘ ভাই সবাই যদি আম,কাঁঠাল বিক্রি করে পাইন্না গুলা কে বিক্রি করবে ? আমি এইরকম আনকমন ফল যেমন-পাইন্না গুলা, বাতাসা মরিচ, জাম, জামরুল,লটকন,বেতফল,গাবফল-এগুলো বিক্রি করি। যখন যেটা আসে তখন তা বিক্রি করি।

লিয়াকতের সাথে কথা বলার ফাঁকে এক মহিলা দাম জিজ্ঞেস করতে করতে হাতে নিয়ে মুখে দিলেন একটি পাইন্না গুলা। পরে ১২০ টাকায় ১ পোয়া ফল তিনি কিনে নিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বললেন, পাইন্না গুলা এখন দেখা ন যায়। পোয়া ছা খাইবো। ন খাইলে ত চিনত ন তারা।

বাজারে হিমসাগর আম কেজি ৭০ টাকা, লেংড়া ৬০ টাকা ৮০ টাকা, আম্রপলি ৬০ টাকা ৮০টাকায় বিক্রি হচ্ছে। লিচু মান ভেদে শত ৩০০ টাকা ৩৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে বাজারে।

পূর্বতারা

ভিডিও