বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ জুন ২০২৬, ০৯:২৪

জ্বালানি সাশ্রয়ের কারণে সন্ধ্যা ৭টায় মার্কেট বন্ধের নিয়ম পরিবর্তন করে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণি কেন্দ্র ও মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার চিটাগাং চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ী নেতারা এ দাবি তুলে ধরে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেম্বারের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যবসায়ীরা বলেন, সন্ধ্যা ৭টায় মার্কেট বন্ধ হওয়ায় বিক্রি কমে গেছে। ফলে ঋণ পরিশোধ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে তারা আর্থিক সংকটে পড়ছেন। তাদের মতে, সন্ধ্যার পর থেকেই মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি বাড়তে শুরু করে।

তারা দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার পাশাপাশি বর্তমান ভ্যাট ব্যবস্থার পরিবর্তে প্যাকেজভিত্তিক ভ্যাট পদ্ধতি চালুর দাবি জানান।

সভায় সভাপতির বক্তব্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী তথা চেম্বার সদস্যদের ভোটে নির্বাচিত এই পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে।

সভায় চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ব্যবসায়ীদের প্রদত্ত ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে। সেই রাজস্ব দিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে; যার সুফল ভোগ করে দেশের আপামর জনসাধারণ। তাই আশা করি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট হবে।

ভিডিও