চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার রাতে ৪৩ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি বলেন, জঙ্গল ছলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা ও ক্যাম্প ভাঙচুরের ঘটনায় ইয়াসিনকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেছেন।
পুলিশ জানায়, সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।
এর আগে, গত রোববার গভীর রাতে জঙ্গল সলিমপুরের মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে ত্রিমুখী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চালানোর পাশাপাশি নির্মাণাধীণ একটি ক্যাম্প তারা ভেঙে দেয়।