চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরে কোনোভাবেই রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করবে।
সোমবার (২৫ মে) সকালে তিনি এসব কথা বলেন। রবিবার মধ্যরাতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে সন্ত্রাসীদের হামলার পর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
পুলিশ সূত্র জানায়, মধ্যরাতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়। হামলার আগে বিভিন্ন স্থানে রাস্তা কেটে এবং মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন।
জঙ্গল সলিমপুরে বর্তমানে দুটি নিরাপত্তা ক্যাম্প রয়েছে। এর মধ্যে আলীনগর এলাকায় নতুন একটি যৌথ বাহিনীর ক্যাম্প নির্মাণাধীন ছিল। সন্ত্রাসীরা মূলত ওই ক্যাম্পটিকেই টার্গেট করে হামলা চালায়। বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন অংশ ভেঙে ফেলে তারা।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তাদের উদ্দেশ্য ছিল যেন আমরা এখানে স্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করতে না পারি। একই সঙ্গে আমাদের ফোর্সকে বিচ্ছিন্ন করে রাখারও চেষ্টা করেছে তারা।
তিনি জানান, হামলার সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। পাল্টা প্রতিরোধে পুলিশ সদস্যরা শর্টগান, চাইনিজ রাইফেল ও গ্যাস গান ব্যবহার করেন। পুরো ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১০৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
তিনি বলেন, আমাদের সদস্যরা শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এজন্য সন্ত্রাসীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি।