বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামের ফলমণ্ডিতে জমে উঠেছে আমের বাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৪:০৮

চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে মৌসুমের শুরুতেই দেশি বিভিন্ন জাতের আম আসতে শুরু করেছে। নগরের ফলমণ্ডি এলাকার আড়ত ও দোকানগুলোতে এখন গুটি, গোপালভোগ, হিমসাগরসহ নানা জাতের আমে ভরে উঠেছে বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি আম আসায় সরবরাহ বাড়ছে এবং ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।

পাইকারি আড়তগুলো জানায়, বর্তমানে প্রতিদিন এক থেকে দুই ট্রাক আম আসছে চট্টগ্রামের প্রধান আড়তগুলোতে। মৌসুমের শুরু হওয়ায় এখনো সরবরাহ সীমিত থাকলেও আগামী সপ্তাহগুলোতে তা কয়েকগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। মূলত সাতক্ষীরা, রাজশাহী ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চল থেকে আম আসছে।

সরজমিনে দেখা যায়, বাজারে এখন গুটি, গোপালভোগ, ক্ষীরশাপাতি, হিমসাগর, ল্যাংড়া, সীতাভোগ ও গোবিন্দভোগসহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। পাশাপাশি কাটিমন ও ব্যানানা ম্যাঙ্গো নামের কিছু বিদেশি জাতও বিক্রি হচ্ছে।

দাম বিশ্লেষণে দেখা গেছে, পাইকারি বাজারে হিমসাগর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬৫ টাকায়। সীতাভোগ প্রায় ৫৫ টাকা, গুটি আম ৩৫ থেকে ৪৫ টাকা এবং গোপালভোগ ও গোবিন্দভোগ ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রুপালি আমের দাম ৯০ থেকে ১১০ টাকা পর্যন্ত উঠছে। কাটিমন বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকায় এবং ব্যানানা ম্যাঙ্গো ৯০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, এ বছর আমের উৎপাদন তুলনামূলক ভালো হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালে থাকবে। ঈদুল আজহার পর বাজারে আমের প্রবাহ আরও বাড়বে বলে তারা আশা করছেন।

চট্টগ্রামের খুচরা বাজারগুলোতেও এখন আমের উপস্থিতি বাড়ছে। চকবাজার, বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও ২ নম্বর গেট এলাকায় বিভিন্ন মান ও আকারভেদে আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৮০ থেকে ২০০ টাকায়।

চট্টগ্রামের চকবাজারের খুচরা ক্রেতা মো. সাইফুল ইসলাম বলেন, এখন হিমসাগরের চাহিদা বেশি। দাম কিছুটা কম থাকায় কিনছি, তবে মান ভালো না হলে ক্রেতারা নিতে চান না।

বাকলিয়া এলাকার খুচরা বিক্রেতা মো. সোলায়মান জানান, আম মিষ্টি ও মানসম্মত হলে বিক্রি ভালো হয়। আমি সাধারণত হিমসাগর ও গোবিন্দভোগ কিনে খুচরা বাজারে সরবরাহ করি। এখনো পুরোপুরি বিক্রি জমেনি, তবে সামনে ভালো বিক্রি হবে।

চট্টগ্রামের স্টেশন রোডে অবস্থিত ফলমন্ডির বড় পাইকারি আড়ত ‘আল্লাহর দয়া স্টোর’র কর্ণধার শাহ আলম বলেন, এখন মৌসুমের শুরু, তাই প্রতিদিন এক-দুই ট্রাক আম আসছে। সামনে সরবরাহ বাড়বে। এ বছর আমের উৎপাদন ভালো হওয়ায় দামও সহনীয় থাকবে বলে আশা করছি।

ভিডিও