চট্টগ্রামের ফটিকছড়িতে এক জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক সালমা (২৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, সালমা কৌশলে দোকানে প্রবেশ করে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার দেখার ভান করেন। একপর্যায়ে তিনি দোকানের দুই কর্মচারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী সাহসিকতার সঙ্গে তাকে জাপটে ধরে ফেলেন।
এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ওই নারীকে আটক করেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নারী এর আগেও হাটহাজারী উপজেলাসহ বিভিন্ন এলাকায় একই কৌশলে ছিনতাইচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে প্রতিবারই তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। এবার হাতেনাতে ধরা পড়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।