রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সৃ্ষ্ট বিতর্কে পদ প্রাপ্ত ও পদ বঞ্চিতদের মধ্যে পাথর নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে চলমান এই অস্থিতিশীলতায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৪ মে) দুপুর থেকে রাঙামাটি শহরের কাঠালতলী বিএনপি অফিস ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃঙ্খলা প্রশাসন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয় এবং এর আশপাশে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারী করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন আছে।
জানা গেছে, সোমবার দুপুর ১২ টার মধ্যে রাঙামাটি জেলা ছাত্রদলের নব কমিটি নিয়ে কোন সমাধান না হওয়ায় জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি অফিসের সামনে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা- কর্মীরা অবস্থান নেন। ওইদিন দুপুর আড়াইটার দিকে জেলা ছাত্রদলের নব কমিটির সভাপতি মো. অলি আহাদের সমর্থকরা গাড়িযোগে শোডাউন করার সময় দলীয় কার্যালয়ের সামনে তাদের উপর ইট- পাটকেল ছুড়ে কমিটিতে ঠাঁই না পাওয়া ছাত্রদলের নেতা- কর্মীরা। এসময় সভাপতি গ্রুপের কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে দুপুর ৩ টার দিকে অলি আহাদ গ্রুপের কর্মী- সমর্থকরা মিছিল নিয়ে দলীয় অফিসের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার স্বার্থে দলীয় অফিসের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।
এর আগে দীর্ঘ আট বছর পর শনিবার (০২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণা করার পর কমিটিতে ঠাঁই না পাওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছে। রোববার (০৩ মে) সকালে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীস্থ দলীয় অফিসের সামনে সড়কে অবস্থান নেন।
পূর্বতারা/ইউডি/মঈন উদ্দীন বাপ্পী