চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে পানির স্রোতে তলিয়ে মো. মেহেরাজ (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। তিনি নগরের এমইএস কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরাজ এক সহপাঠীর সঙ্গে নগর থেকে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। বিকেলে অন্য পর্যটকদের সঙ্গে সাগরে গোসল করতে নামলে হঠাৎ তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। পরে তাঁর সহপাঠী ও অন্যান্য পর্যটকেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৈকতের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, মেহেরাজ তার মা–বাবার একমাত্র ছেলে ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।