চট্টগ্রামের পটিয়ায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানায়।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মিছিল করা হয়। এতে পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। তখন মিছিলকে ঘিরে ওই এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।