চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ৮ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। এদের মধ্যে নগরীর ৬২ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ২৪ জন।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৪০ জন শিশু ভর্তি রয়েছে। হাম প্রতিরোধে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নগরী ও উপজেলায় টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে বুধবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা আরও ২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন ছাড়া সবাই নগরীর বাসিন্দা। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার নতুন করে আরও ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬৫২ জনের নমুনা ঢাকায় পাঠানো হলো। এরমধ্যে নগরীর ৫২৯ জন এবং উপজেলার ১২৩ জন রয়েছে।