চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে যেমন জনজীবনে ভোগান্তি বেড়েছে, অন্যদিকে কয়েক দিনের ভ্যাপসা গরমের পর কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। টানা দুদিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হলেও তাপমাত্রা কমে আসায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে নগরের আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া ও হালিশহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও সড়কের ওপর পানি উঠে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির এই প্রবণতা আরও চারদিন অব্যাহত থাকতে পারে। শনিবার পর্যন্ত বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আপাতত দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে। তখন আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।