বুধবার, ১৭ জুন ২০২৬

ভাড়া বেড়েছে ১১ পয়সা, চট্টগ্রাম নগরে বেড়েছে ৫ টাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৮

সরকার নির্ধারিত হারে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে ডিজেলচালিত বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আর এ সুযোগে চট্টগ্রামে বাসে ভাড়া ৫ টাকা বাড়িয়ে দিয়েছে গণপরিবহন সংশ্লিষ্টরা। আগে বিভিন্ন রুটের বাসে উঠানামা ভাড়া ৮ টাকা নেয়া হলেও এখন ৫ টাকা বাড়িয়ে নেয়া হচ্ছে ১৩ টাকা। অভিযোগ উঠেছে, সরকার শুধু ডিজেলচালিত বাসের জন্য ভাড়া নির্ধারণ করলেও গ্যাসচালিত বাসেও ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। গাসচালিত বাসে উঠানামা ৫ টাকার বদলে আদায় করা হচ্ছে ১০ টাকা। এমন অবস্থায় যাত্রীদের সাথে গণপরিবহন চালক-সহকারীদের বাকবিতণ্ডা লেগেই থাকছে।

নগরীর বিভিন্ন রুটে নির্ধারণকৃত ভাড়া হার-

কালুরঘাট সেতু থেকে নিউ মার্কেট (১৪ কিলোমিটার) রুটে ভাড়া ৩৫ টাকা। কর্ণফুলী সেতু থেকে নিউ মার্কেট (১০ কিলোমিটার) যেতে ২৫ টাকা।

নিউ মার্কেট থেকে ভাটিয়ারী (১৫ কিলোমিটার) রুটে ভাড়া ৩৮ টাকা। কোতোয়ালি মোড় থেকে ভাটিয়ারী ৪১ টাকা।

নিউ মার্কেট থেকে বিমানবন্দর (১৮ দশমিক ৬ কিলোমিটার) পর্যন্ত ভাড়া ৪৭ টাকা। একই দূরত্বে লালদীঘির পাড় থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত রুটেও ভাড়া ৪৭ টাকা।

নগরের দীর্ঘ রুটগুলোর মধ্যে কালুরঘাট থেকে সমুদ্রসৈকত (২৫ কিলোমিটার) যেতে লাগবে ৬৩ টাকা। এ ছাড়া নিউ মার্কেট থেকে অক্সিজেন পর্যন্ত ভাড়া ঠিক হয়েছে ২০ টাকা। স্বল্প দূরত্বের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকছে। যেমন চকবাজার মসজিদ থেকে নিউ মার্কেট বা নিউ মার্কেট থেকে বাদামতলী।

নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে কোতোয়ালি মোড় আসা যাত্রী মো. নুরুল আমিন অভিযোগ করে বলেন, ১৫ টাকার ভাড়া এখন ২২ টাকা নেয়া হচ্ছে। আগে উঠানামা ৫ টাকা ভাড়া দিতাম। এখন উঠানামা ভাড়া নিচ্ছে ১০ টাকা। জিজ্ঞেস করলেই ঝগড়া লেগে যাচ্ছে। তাদের ইচ্ছেমত ভাড়া নিচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, তেলের দাম বাড়ার কারণে হয়ত যাত্রীদের কাছ থেকে কিছু বেশি ভাড়া নিচ্ছে । তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে স্ব স্ব রুটে ভাড়ার তালিকা প্রস্তুতের কাজ চলছে। গাড়িতে তালিকা টাঙিয়ে দেয়া হবে। তখন আর ঝামেলা হবে না।

পূর্বতারা/ইউডি

ভিডিও