বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অপহৃত ছয় রাবার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে বান্দরবান সেনা জোন পরিচালিত অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন— মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ ৬ শ্রমিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপহরণকারীদের কোনো অর্থ প্রদান করা হয়েছে কি না তা জানা নেই বলে জানান তিনি।
এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র গ্রুপ ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা অজ্ঞাত নম্বর থেকে বাগান মালিক মো. ইসমাইলের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানালে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়। অপহরণের খবর পাওয়ার পর সেনাবাহিনী সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায়।
ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ছয় শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।