বুধবার, ১৭ জুন ২০২৬

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকার ইন্দ্রপুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে কক্সবাজারগামী ‘হিমাচল পরিবহনে’র একটি পর্যটকবাহী বাস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘এভারগ্রিন পরিবহনে’র আরেকটি বাস ইন্দ্রপুল গোলচত্বরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নোয়াখালী থেকে আসা বাসটির চালক নতুন হওয়ায় গোলচত্বরের দিকনির্দেশনা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারান। যার ফলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

ভিডিও