বুধবার, ১৭ জুন ২০২৬

গাড়ি ভাড়া বাড়ার শঙ্কায় যাত্রীরা : আগামীকাল ঢাকায় বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯

বৈশ্বিক পরিস্থিতির সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ থেকে দেশে সব ধরণের জ্বালানি তেল পুনর্মূল্যায়িত দামেই বিক্রি হচ্ছে। এমন অবস্থায় গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের চাপে চিড়েচ্যাপ্টা ভোক্তা সাধারণ আরেক দফা চাপে পড়ার শঙ্কায় ভুগছে।

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে বাস ট্রাক মালিক ও সড়ক পরিবহন সংশ্লিষ্ট কেন্দ্রীয় পক্ষ থেকে সরকারের কাছে আবেদনও করা হয়েছে। তবে এ নিয়ে আগামীকাল সোমবার ঢাকায় জরুরি বৈঠকের সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন নেতারা।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের (টিও ৩১) যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বাস-ট্রাকসহ সকল গণপরিবহন মালিক পক্ষকে নিয়ে আগামীকাল মিটিং আছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে গাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জ্বালানি তেলের বাজার প্রেক্ষিতে সারাবিশ্বের তুলনায় বাংলাদেশে পরিবহন ভাড়া কম। তাছাড়া গত কয়েক বছরে গাড়ির যন্ত্রাংশের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে বেড়েছে ব্যাংক ঋণের সুদের হার। সব মিলিয়ে মালিকদের উপর চাপ বেড়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতির সাথে সমন্বয় করে গাড়ির ভাড়া বাড়ানো এখন সময়ের দাবি। যাত্রী সেবার মান নিয়ে অভিযোগ শুনতে হয় আমাদের। তবে বাস্তবতা হচ্ছে যে, গাড়ির আয় যদি কম হয় যাত্রী সেবার মান কিভাবে বাড়বে ?

সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা এবং বডি তৈরি করতে খরচ হতো প্রায় ১১ লাখ টাকা। বর্তমানে সেই একই চেসিসের দাম বেড়ে প্রায় ৩৬ লাখ টাকা এবং বডি তৈরির খরচ দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ টাকায়।

তিনি বলেন, ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার পর ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়। সেসময় মালিক সমিতির পক্ষ থেকে কিলোমিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা প্রস্তাব করা হলেও তা গৃহিত হয়নি। সরকার প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে। তবে পরে তা সমন্বয় করে ২ টাকা ১২ পয়সায় স্থির করা হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও