বুধবার, ১৭ জুন ২০২৬

স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে জনসেবা নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জনসেবায় জবাবদিহি, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে এবং ভূমি সংক্রান্ত সেবা নির্ধারিত সময়ের মধ্যে হয়রানিমুক্তভাবে প্রদান নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরসরাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, জনসেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রশাসনকে এমনভাবে কাজ করতে হবে যেন মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা যায়। এক সময় সরকারি কর্মচারীদের প্রতি মানুষের আস্থা কমে গেলেও সম্মিলিত প্রচেষ্টায় তা ফিরেছে—এ আস্থা ধরে রাখা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে গুণগত মান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের অর্থ অপচয়ের কোনো সুযোগ নেই। সীমিত সম্পদের মধ্যেই সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সরকারি অফিসগুলোকে জনগণের আস্থার স্থানে পরিণত করার কথা বলেন। পাশাপাশি সেবাগ্রহীতারা যেন দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে তিনি মিরসরাই থানা পরিদর্শন করে বিভিন্ন রেজিস্টার, ক্রাইম ম্যাপ ও নথিপত্র পর্যালোচনা করেন। থানার অস্ত্রাগার ও হাজতখানা ঘুরে দেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জিআর ও সিআর সংক্রান্ত পেন্ডিং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন অপরাধ পরিস্থিতি ও মামলার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।

পরে জেলা প্রশাসক মিরসরাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার নির্দেশ দেন। ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

পরবর্তী পর্যায়ে তিনি উপজেলা ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। তিনি ভূমি সেবায় স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমা মেনে চলার ওপর জোর দেন।

মিরসরাই পৌরসভা পরিদর্শনের সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন দূর্গাপুর থেকে কাটাছড়া ইউনিয়ন পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন। কাজের অগ্রগতি ও নির্মাণমান যাচাই করে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমান গ্রহণযোগ্য নয় এবং টেকসই অবকাঠামো নিশ্চিত করতে হবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট, গ্লাভস ও বাস্কেটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষ বিশেষ করে অসহায় জনগোষ্ঠী সরকারি সেবার ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসহ সব খাতে মানবিকতা ও আন্তরিকতা নিশ্চিত করতে হবে। “কেউ যেন সেবা নিতে এসে খালি হাতে ফিরে না যায়”—এটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি।

দিনব্যাপী এ পরিদর্শনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

ভিডিও