বুধবার, ১৭ জুন ২০২৬

শিশু কন্যাকে আছড়ে হত্যার ঘটনায় পাষণ্ড বাবাকে ধরে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মাসের শিশু কন্যাকে মাটিতে আছড়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা মো. ওসমান গণিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পালিয়ে থাকা ওসমান গণি আমান বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এর আগে, একইদিন সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পেশায় রংমিস্ত্রি ওসমান গণি তার স্ত্রী সুমাইয়ার কাছে চা চান। চা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর কোল থেকে দুই মাসের শিশু সাপরিনা জান্নাত মাহিরাকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা আহত শিশুটিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত বাবা পালিয়ে যান।

ভিডিও