বুধবার, ১৭ জুন ২০২৬

প্রবর্তক মোড়ে ব্যস্ততম সড়ক দেবে বড় গর্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম প্রবর্তক মোড় এলাকায় সড়কের এক পাশ হঠাৎ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশের সড়কের এ অংশ ধসে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়, সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বিপরীত পাশে সড়কের একাংশ দেবে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টরা সড়কের ওই অংশে ফিতা টানিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন। এতে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যায় এবং বাকি অংশ দিয়ে যানবাহন চলাচল করায় ধীরগতির সৃষ্টি হয়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের গর্তে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ভরাটের চেষ্টা করতে দেখা যায়।

জানা গেছে, দেবে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরোধদেয়াল নির্মাণের কাজ চলছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, যার তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের অংশ হিসেবে প্রায় তিন বছর আগে প্রবর্তক মোড়ে হিজড়া খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। বর্তমানে খালের পাশ ঘেঁষে প্রতিরোধদেয়াল নির্মাণ চলমান রয়েছে।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, সড়ক দেবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। আপাতত বালুর বস্তা ফেলে গর্তটি ভরাটের কাজ চলছে। বৃষ্টি থামলে পুরো অংশ সংস্কার করা হবে বলে জানান তিনি।

ভিডিও