চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় এ বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ৫ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ শিক্ষার্থী। আর ২০২৬ সালে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা কমেছে ৫ হাজার ৩২৭ জন এবং ছাত্রী কমেছে ৪ হাজার ৬৭৮ জন।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী। গত বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ৬৫২ ও ৭৯ হাজার ২১ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় মোট ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেবে, যা গত বছরের তুলনায় ৫৪টি বেশি। তবে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১৮টিতে, যা গত বছর ছিল ২১৯টি।
এবার চট্টগ্রাম বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম জেলায়। গতবারের তুলনায় এ জেলায় পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৭৯৯ জন। এবার চট্টগ্রাম জেলা থেকে ৯২ হাজার ২৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কক্সবাজার জেলায় অংশ নিচ্ছে ১৮ হাজার ৯১৪, রাঙামাটিতে ৭ হাজার ৪১৬, খাগড়াছড়িতে ৮ হাজার ৬৯ এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৩ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম রয়েছে। এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য পাওয়া যায়নি। দুর্গম এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি।